জর্ডানের পেত্রা নগরীতে রেকর্ড সংখ্যক পর্যটক

জর্ডানের পেত্রা নগরীতে রেকর্ড সংখ্যক পর্যটক
পর্যটকদের কাছে জর্ডানের প্রাচীন নগরী পেত্রার রয়েছে বিশেষ কদর।ঐতিহাসিক এই নগরীতে এ বছর রেকর্ড সংখ্যক দর্শণার্থীর আনাগোনা হয়েছে।

দশ লাখতম টিকেট ক্রেতাকে নিয়ে আয়োজনের পাশাপাশি নানা আয়োজনের মধ্য দিয়ে এই উপলক্ষ্যটি উদযাপন করেছে জর্ডানের পর্যটন বিভাগ।

জর্ডানের দুর্গম মরুপ্রান্তরের পাহাড়ঘেরা অঞ্চলে অবস্থান পেত্রা নগরীর।  পাথুরে খাড়া পাহাড়ের গায়ে খোদাই করে নির্মাণ করা হয় রহস্যময় এই নগরী।

১৯৮৫ সালে একে বিশ্ব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।

পেত্রা নগরীর উত্থান মূলত দুই হাজার বছর আগে।  নাবাতিয়ান রাজ্যের রাজধানী পেত্রাকে নিয়ে যেমন ইতিহাসবিদদের আগ্রহের শেষ নেই, তেমনি প্রতি বছর এখানে দর্শণার্থীদের ভিড়ও লেগেই থাকে।

এবছর পেত্রায় আসেন ১০ লাখ পর্যটক, যা আগের সব বছরের রেকর্ড ভেঙেছে।  এ উপলক্ষ্যে পেত্রায় প্রবেশের দশ লাখতম টিকিটের ক্রেতাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে জর্ডানের পর্যটন বিভাগ।  জীবনের যেকোন সময়ে প্রাচীন এই নগরীতে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে তাকে।

বিশেষ সুযোগ বিজয়ী এই পর্যটক উচ্ছ্বসিত হয়ে বলেন, “জীবনে অন্তত একবার হলেও এখানে আসা উচিত। এর ঐতিহ্য আর ইতিহাস মুগ্ধ করার মত। পেত্রায় আজীবন প্রবেশের টিকিট পাওয়ায় আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।”

জর্ডানের মোট আয়ের ১৩ শতাংশই আসে পর্যটন খাত থেকে।  দেশটির সমৃদ্ধ ইতিহাস এবং নির্বিঘ্ন নিরাপত্তা পরিস্থিতিকেই বিপুল সংখ্যক দর্শণার্থীর কারণ হিসেবে ধারণা করা হয়।

নানা সমস্যায় পর্যটকশূন্য হরিণঘাটা-লালদিয়া

নানা সমস্যায় পর্যটকশূন্য হরিণঘাটা-লালদিয়া

অবকাঠামোগত সমস্যা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আবাসনের অভাবে প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে বরগুনার হরিণঘাটা ও লালদিয়া পর্যটনকেন্দ্র। ভ্রমণে এসে নানা ভোগান্তির শিকার হয়ে অনেকটা হতাশা হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা।

একদিকে সমুদ্র অন্যদিকে সুন্দরবনের কোলঘেঁষা হরিণঘাটা বন। আবার বনের মাঝে আকাঁবাকা ওয়াক ওয়ে পেরিয়ে দেখা মেলে গভীর অরণ্যের। সেখান থেকে ট্রলারে যাওয়া যায় তিন নদীর মোহনা লালদিয়ার চরে। কুয়াকাটার মতো এখানেও একই জায়গা থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত।

শুধু তাই নয়, বনের সৌন্দর্য্য ও পশুপাখির বিচরণ দেখার জন্য রয়েছে টাওয়ার।

কিন্তু, এখানে বেড়াতে এসে পর্যটকদের পড়তে হয় নানা বিড়ম্বনায়।  যাতায়াতে রয়েছে সমস্যা, নেই মানসম্মত থাকা-খাওয়ার ব্যবস্থাও। ওয়াক ওয়ে সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পর্যটকদের।

সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

২০১৫ সালে জীব বৈচিত্র সংরক্ষণের পাশাপাশি ইকোটুরিজম প্রসারে লালদিয়ার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটন কেন্দ্রটি নির্মাণ করে বন বিভাগ।

বিলুপ্তির পথে ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন নওগাঁর হলুদ বিহার

বিলুপ্তির পথে ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন নওগাঁর হলুদ বিহার
নওগাঁর বদলগাছীতে বিলুপ্তির পথে ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হলুদ বিহার। ঐতিহাসিক হলুদ বিহার প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কর্তৃপক্ষের উদাসীনতায় এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।

নওগাঁর বদলগাছীতে বিলুপ্তির পথে ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হলুদ বিহার। ঐতিহাসিক হলুদ বিহার প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কর্তৃপক্ষের উদাসীনতায় এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। ফলে বিহারের চতুরধার দ্রুত ভেঙ্গে পড়ছে। এতে বিলুপ্ত হতে চলেছে ইতিহাস ঐতিহ্যের এই নিদর্শন। প্রাচীন এই বিহারটির উপর কর্তৃপক্ষের তেমন কোনো নজর নেই বলে এলাকাবাসীর অভিযোগ।

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের পাশাপাশি হলুদ বিহারেও দেশের বিভিন্ন এলকা থেকে পর্যটক দেখার জন্য আসে। এছাড়া শিক্ষা সফরে দেশি বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যটকরা আসেন। বিহারটিকে সংস্কার করে এর ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করার দাবি এই এলাকার মানুষের। বিহারটির চতুর দিকে বাউন্ডারী ওয়াল না থাকায় গরু-ছাগল অনায়াসে প্রবেশ করে এতে বিহারের সৌন্দর্য বিকৃত হয়ে পড়েছে। যা এখানে দেখার কেউ নেই।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের নিভৃতপল্লী হলুদ বিহার গ্রামের এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দ্বীপ। ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যের নিদর্শন এই দ্বীপে নজর পড়লেই দর্শকরা আকৃষ্ট হয়ে পড়ে। আসলে এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ, এটি ছিলো এক সময় গাছ-গাছড়া ও ঝোপ-জঙ্গলে পরিপূর্ণ উচু একটি দ্বীপ। দ্বীপের মাথায় ছিলো একটি বড়ই গাছ, যার নিচে ছিলো একটি গভীর কূপ। দ্বীপটির মাথায় পাটকূপ সম্পর্কে এই এলাকাবাসীর সকলেই জানাশুনা আছে। দ্বীপের ঝোপ-জঙ্গল গাছপালা কেটে ফেলার আগেই কূপটি ভরাট হয়ে যায়।

পরবর্তীতে দ্বীপটি সংস্কারকালে এই কূপের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের লোকজন দ্বীপের চারদিকে মাটি কেটে বাড়িঘর নির্মাণ করেন। মাটি কাটার এক পর্যায়ে দ্বীপের পূর্ব দিকে ইটের সিঁড়ি বের হয়। তখন এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তার পরেই এই দ্বীপটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নেয়া হয়। হলুদ বিহার গ্রামে ছিলো অনেকগুলো বিক্ষিপ্ত ঢিপি তাতে ছড়িয়ে ছিটিয়েছিল পুরনো ইট, ভাঙ্গা মৃৎশিল্পের বিভিন্ন নিদর্শন। এ থেকেই এখানে বৌদ্ধ বসতির প্রমান মিলে। ১৯৭৬ খ্রীস্টাব্দে এই দ্বীপটি সংরক্ষিত করা হয়।

১৯৮৪ খ্রীঃ বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ১ম বারের মত খনন কাজ শুরু করে। ১৯৯৩ খ্রিস্টাব্দে ২য় বার খননকালে দ্বীপের অভ্যন্তরে ১টি মন্দির আবিষ্কৃত হয়। এটি খননকালে বেশ কিছু প্রাচীন নিদের্শন সামগ্রী মানুষের মূর্তি সম্বলিত ভাঙ্গা, পোড়া মাটির ফলক, পাথর সামগ্রী, মূর্তির স্তম্ভ, মূল অলংকারের ঢালাই ছাচ এবং চুর্ণ যন্ত্র উদ্ধার করা হয়। প্রশাসনিক উদাসীনতা ও সংরক্ষণের অভাবে এই প্রাচীনতম নিদর্শন আজ প্রায় বিলুপ্ত হতে চলেছে।

এ বিষয়ে হলুদবিহার গ্রামের শাহিনুর ইসলাম শাহিন, রোস্তম আলী, বলরামপুর গ্রামের নাজমুল, রকিসহ আরও অনেকে জানান বিহারটির চারদিকে দ্রুত বাউন্ডারি, সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়াসহ সংস্কার ও সংরক্ষণের আশু প্রয়োজন।

এ বিষয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের কাষ্টডিয়ান আবু সাঈদ ইনাম তানভিরুল এর সংগে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, বিহারটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এখানে আরও খননের প্রয়োজন আছে। চতুর্দিকে তারকাটা দিয়ে ঘিরতে হবে। যাতে করে বাইরে থেকে বিহারটি সাধারণ লোকজন দেখতে পায়। এছাড়াও এই বিহারটি ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা আছে। বিহারটি সর্বাক্ষনিক দেখাশুনার জন্য আবু বক্কর নামে এক কর্মী নিয়োজিত আছে।

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৫২ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৫২ হাজার ছাড়াল
বিশ্বে করোনাভাইরাসে ( কোভিড-১৯) মৃতের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। এতে শনাক্ত হয়েছেন এক কোটি ৬৪ লাখের বেশি মানুষ।

এক কোটিরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। রবিবার মেক্সিকোতে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে।  দেশটিতে মারা গেছে ৭২৯ জন।  প্রাণহানির দিক থেকে এর পরেই রয়েছে ভারতের অবস্থান।  দেশটিতে ৭১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় শনাক্ত ও প্রাণহানি কিছুটা কমেছে।  সেখানে মারা গেছে ৪৪৭ জন এবং শনাক্ত ৫৫ হাজারের বেশি।  ব্রাজিলে নতুন করে ২৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।  মারা গেছে ৫৫৬ জন।

সন্দেহভাজন এক করোনা (কোভিড -১৯) রোগী শনাক্ত হওয়ায় উত্তর কোরিয়া জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে উত্তর কোরিয়া। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।  করোনাভাইরাস  (কোভিড-১৯) ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

এরইমধ্যে দুই কোরিয়ার সীমান্তবর্তী শহর কায়সং-এ লকডাউন জারি করা হয়েছে। তিন বছর আগে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া এক ব্যক্তি গত সপ্তাহে আবারও দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন। তার শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে।

এর আগে কোন করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী নেই বলে দাবি করে দেশটি। এদিকে অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কিম।

আগস্টেই অনুশীলনে ফিরছেন সাকিব আল হাসান

আগস্টেই অনুশীলনে ফিরছেন সাকিব আল হাসান। ফিটনেস ফিরে পেতে তিন মাসই যথেষ্ট বলে জানিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার। ব্যক্তিত্বের ধরণে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে নিজের মিল খুঁজে পান সাকিব। দুই কন্যার জন্ম অনেকটাই বদলে দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

সাকিব আল হাসান। টাইগার ক্রিকেটের পোস্টার বয়। ২০১৯ সালটা সাকিবের ক্যারিয়ারের সেরা উদাহরণ। ইংল্যান্ড বিশ্বকাপে অবিশ্বাস্য পারফম্যান্স। বছরের প্রথমভাগে দুর্দান্ত সাকিব ক্রিকেট দুনিয়ার নয়নের মণি। কদিন বাদেই ক্রিকেটারদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আবার আন্দোলন থামতে না থামতেই আইসিসির দুর্নীতি বিরোধী আইনের নিয়ম সঠিকভাবে না মানায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইএসপিএন ক্রিকইনফোর নতুন ক্রিকেটবাজি সিরিজে এসে দীপ দাশগুপ্তর সঙ্গে নিজের ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, ‘২১ বছর বয়সে আমি অধিনায়ক হয়েছিলাম। অনেক ভুল করেছি। আমি এখন বুঝতে পারি, কিছু ক্ষেত্রে আমার ভুল ছিলো। আবার কিছু ক্ষেত্রে আমাকে ভুল বোঝা হয়েছে। উপমহাদেশে এটা খেলার অংশ।’

নিষিদ্ধ হওয়ার আগে আবারও বাংলাদেশ দলের নেতৃত্ব পেয়েছিলেন সাকিব। আগের তুলনায় নিজের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে। আর তাই প্রথমবারের মতো এবার আর ভুল করতেন না বলে মনে করেন টাইগার অলরাউন্ডার। সাকিব আল হাসান আরও বলেন, ‘আমি এর মাঝে বিয়ে করেছি। দুটো বাচ্চা আছে। এখন আমি খেলা ও জীবনটা আরও ভালো বুঝি। বিশ বছরের আমি যেমন ছিলাম, তার তুলনায় অনেক শান্ত বানিয়েছে এ বিষয়গুলো। আমাকে এখন আর অত ভুল করতে দেখে না মানুষ। আমার দুই কন্যা আমার জীবনটা একদম বদলে দিয়েছে।’

মাঠের ভেতর তাৎক্ষনিক প্রতিক্রিয়া, মাঠের বাইরে স্পষ্টবাদী, ব্যক্তিত্বের ধরনে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেই নিজের মিল খুঁজে পান সাকিব আল হাসান। তবে রোনালদো নয়, প্রিয় ফুটবলার লিওনেল মেসি সে কথা জানাতে মোটেই ভুল করেননি টাইগার অলরাউন্ডার। সাকিব জানান, ‘আমার মনে হয়, ব্যক্তিত্বের ধরণ অনুযায়ী আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো, তবে পছন্দ করি মেসিকে। তার মানে এই নয় যে রোনালদোকে অপছন্দ করি, সেও অসাধারণ। মেসি যেভাবে খেলেন, তা পছন্দ করি আমি। কিন্তু আমার ধরণ রোনালাদোর মতোই বেশি।’

সাকিবের নিষেধাজ্ঞা মুক্তির আর একশো দিনও বাকি নেই। মাঠে ফেরার উষ্ণতা এখনি টের পাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। দুই সপ্তাহ পরেই অনুশীলনে ফেরার কথা জানিয়েছেন সাকিব। এই অলরাউন্ডার আরও জানান, ‘আগামী দুই সপ্তাহ আমার বাচ্চাদের দিতে চাই। তারপরেই অনুশীলনে ফিরবো। হাতে এখনো তিন মাসের মত সময় আছে। নিজেকে শেইপে আনতে এই সময় যথেষ্ট বলেই মনে করি।’

পম্পেও আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী: সিএনএন

পম্পেও আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী: সিএনএন
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন মাইক পম্পেওকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। সিএনএনের বিশ্লেষক ডেভিড মিলার এক সংবাদভাষ্যে পম্পেওকে তার উগ্র আচরণের কারণে এই উপাধি দিয়েছেন।

কার্নেগি ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ডেভিড মিলার মনে করেন, পম্পেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিমাত্রায় রাজনীতিকরণ করে ফেলেছেন। তিনি এই মন্ত্রণালয়কে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ারে পরিণত করার পাশাপাশি একের পর এক আইন লঙ্ঘনের মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহীতার হাত থেকে রক্ষা করে যাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীন ও রাশিয়ার বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পম্পেও। গত কয়েক মাসে করোনাভাইরাস ও হংকং পরিস্থিতি নিয়ে চীনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন যেখানে পম্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে চীন পাল্টা একটি মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য বুমেরাং হয়ে যায়।

ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের লক্ষ্যে চীন ও রাশিয়াবিরোধী নীতিঅবস্থান নিলেও পম্পেও সে নীতি বাস্তবায়ন করতে গিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

শাকিব খান ও রবি’র বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ দায়ের

শাকিব খান ও রবি'র বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ দায়ের
বিনা অনুমতিতে গান ব্যবহার করায় চিত্রনায়ক শাকিব খান ও টেলিকম অপারেটর রবি’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন দিলরুবা খান।

শিল্পী দিলরুবা খানের ‘পাগল মন’ গানটি বিনা অনুমতিতে ‘পাসওয়ার্ড’ শিরোনামে সিনেমায় ব্যবহার এবং বাণিজ্যিকভাবে বিপণনের অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খান ও মোবাইল টেলিকম কোম্পানি রবি’র বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করেছেন ব্যারিস্টার ওলোরা আফরিন। দিলরুবা খানের পক্ষে ব্যারিস্টার ওলোরা আফরিন অভিযোগ দায়ের করেন।

বিনা অনুমতিতে গান ব্যবহারের অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের অভিযোগ দায়ের করেছেন শিল্পী দিলরুবা খান। রবিবার (২৮ জুন) সাইবার ক্রাইম ইউনিটের এডিসি এস এম নাজমুল হকের কাছে এ অভিযোগ দেয়া হয়।

এর আগে, ৭ মার্চ শাকিব খান এবং গানটির বিপণন প্রতিষ্ঠান রবি’র কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়। তার কোনো উত্তর না দেয়ায় এবার সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করা হলো।

অভিযোগ উঠেছে শাকিব খান গানটি ‘পাসওয়ার্ড’ সিনেমায় বিনা অনুমতিতে রিমেক করে ব্যবহার করেছেন। পরে, সেটি রবির কাছে বাণিজ্যিকভাবে বিক্রি করেছেন। গানটি এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে এক কোটি ৯০ বার লাখ দেখা হয়েছে।

‘পাগল মন’ গানের স্রষ্টা প্রখ্যাত লোকসংগীত শিল্পী দিলরুবা খান জানান, ‘শাকিব খান গানটি অনুমতি ছাড়াই সিনেমায় ব্যবহার করে সেটি বাণিজ্যিকভাবে বিক্রি করেছেন। তাই আমরা তার বিরুদ্ধে আইনি লড়াই করছি। ব্যারিস্টার ওলোরা আফরিন আমাদের পক্ষ থেকে অভিযোগটি দাখিল করেছেন।’

বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমানের সফল উড্ডয়ন

বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমানের সফল উড্ডয়ন
দক্ষিন চীন সাগরসহ একাধিক অংশ নিয়ে চীনের বেশ বড় কয়েকটি রাজনৈতিক সমস্যা রয়েছে। তাই উন্নততর সামরিক অস্ত্র ও যুদ্ধযান বানানোয় মন দিয়েছে বেইজিং।

এর অংশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমানের সফল উড্ডয়ন করেছে এশিয়ার এই সুপার পাওয়ার। স্বতন্ত্রভাবে বিকশিত এজি-৬০০ বৃহত উভচর বিমানটি পূর্ব চীনের শানডং প্রদেশের কিংডাওতে রবিবার সকালে সমুদ্রের ওপরে সফলভাবে উড়ে গেছে। এই বিমান সমানভাবে পানি ও স্থলে চলতে পারে। বিমানটি তৈরি করতে আট বছর সময় লেগেছে চীনের।

বিমানটির পাল্লা সর্বোচ্চ চার হাজার ৫শ’ কিলোমিটার এবং দাবানল নেভানো ও সমুদ্রে উদ্ধার তৎপরতা চালাতে সক্ষম। এটি আকারে একটি বোয়িং ৭৩৭ বিমানের কাছাকাছি। সমুদ্র থেকে উঠা-নামা করার জন্য নির্মিত অন্যান্য বিমানের চেয়ে এটি অনেক বড় বলে জানিয়েছে-বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না

সিনহুয়ার রিপোর্টে বলা হয়, চীনের এ বিমান নৌ-সম্পদ বিকশিত ও কাজে লাগাতে খুবই উপকারি হবে এবং পরিবেশ পর্যবেক্ষেণ, সম্পদ চিহ্নিতকরণ ও পরিবহন কাজে এটি ব্যবহার করা যাবে।

বিমানটি দক্ষিণ চীন সাগরে নজরদারির ক্ষেত্রে দেশটির সক্ষমতা আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

৮৬ বছর পর হায়া সোফিয়ায় জুমা নামাজ আদায়, উপস্থিত ছিলেন এরদোগান

৮৬ বছর পর হায়া সোফিয়ায় জুমা নামাজ আদায়, উপস্থিত ছিলেন এরদোগান 
তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে দীর্ঘ ৮৬ বছর পর আজ প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন।

তুরস্কের সরকারি দৈনিক ডেইলি সাবাহ’র অনলাইন সংস্করণে বলা হয়েছে, জুমা নামাজ আদায়ের জন্য আজ (শুক্রবার) সকাল থেকেই হাজার হাজার মানুষ হায়া সোফিয়ায় আসতে শুরু করেন। ১১টি চেকপোস্ট দিয়ে মুখে মাস্ক এবং আলাদা জায়নামাজসহ মুসল্লিদের হায়া সোফিয়ার চত্বরে প্রবেশ করতে দেয়া হয়। মসজিদ চত্বরে ১৭টি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয় যেখানে ৭৩৬ জন স্বাস্থ্যকর্মী ১০১টি গাড়ি ও একটি হেলিকপ্টারের সমন্বিত একটি অ্যাম্বুলেন্স ইউনিটের সাথে সক্রিয়ভাবে কাজ করে।

জুমা নামাজের আগে ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়েরলিকায়া ঘোষণা দেন, ‘হায়া সোফিয়ার আশেপাশে সব জায়গায় মুসল্লিতে পরিপূর্ণ হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিধি নিষেধ মানতে নতুন কোনো মুসল্লিকে জুমার নামাজের সুযোগ দেয়া হবে না।’

গত ১০ই জুলাই তুর্কি আদালত এক রায়ে- ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রূপান্তরিত করার আদেশটি রহিত করে। এরপর ১৬ই জুলাই তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তর হায়া সোফিয়া পরিচালনার জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় হায়া সোফিয়ার সংস্কার ও সংরক্ষণের কাজ তদারকি করবে এবং ধর্ম বিষয়ক অধিদপ্তর ধর্মীয় সেবা তদারকি করবে।

সুপ্রিম কোর্টের রায়ের সূত্র ধরে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা দেন, বিশ্বখ্যাত এই স্থাপনাটি মসজিদ হিসেবে খুলে দেয়া হবে ২৪ জুলাই।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে জাদুঘর থাকাকালে হায়া সোফিয়াকে বিশ্ব-ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। ইস্তাম্বুল বিজয়ের আগে ৯১৬ বছর আয়া সোফিয়া গির্জা ছিল।১৯৩৪ সালে কামাল আতাতুর্কের শাসনামলে মসজিদটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। এ সময় স্থাপনাটিতে বেশকিছু পরিবর্তন আনা হয়।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে পুনরায় বিজ্ঞপ্তি জারি করেছে বুয়েট

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে পুনরায় বিজ্ঞপ্তি জারি করেছে বুয়েট
ছাত্রদলের কমিটির ঘোষণার বিষয়ে আইন অমান্যে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বুয়েট।

অনুমোদিত ক্লাব ছাড়া যে কোন ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে, শনিবার পুনরায় বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট।

বুয়েট আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বুয়েট কর্তৃপক্ষ। বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. মিজানুর রহমান বলেছেন, ‘বুয়েটে ছাত্রদলের কমিটি গঠনের বিষয়টি আমাদের নজরে এসেছে। কমিটির সদস্যদের তালিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। আবরার হত্যাকাণ্ডের পর থেকে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘এর পরও যদি কেউ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালায় তবে তাই আইনবিরোধী কাজ বলে বিবেচিত হবে। আমরা জানতে পেরেছি, নতুন কমিটির কারো কারো ছাত্রত্ব শেষ হয়েছে। তবে যারা এখনো নিয়মিত ছাত্রছাত্রী, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, ‘আবরার হত্যাকাণ্ড ঘটিয়েছে ছাত্রলীগ। অথচ ক্যাম্পাসে তাদের কার্যক্রম হরহামেশাই চলছে। কিন্তু সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার কার্যক্রম বুয়েটে চলছে না। তাই সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতেই আমাদের এ কমিটি। আমরা কখনোই ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে নই।’

শুক্রবার (২৪ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ হোসেন রচিকে আহ্বায়ক এবং আলী আহমদকে সদস্য সচিব করে বুয়েট শাখা ছাত্রদলের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসের জের ধরে গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। সেখানে নির্যাতনের পর ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে বুয়েটে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি ও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে সোচ্চার হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

টানা পাঁচ দিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে ১১ অক্টোবর বুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। সেদিন বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বলেছিলেন, ‘আমার নিজ ক্ষমতায় বুয়েটের সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করছি। এখন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে কেউ জড়িত থাকলে ডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’

যদিও অন্য সব ছাত্র সংগঠন বুয়েট প্রশাসনের ওই সিদ্ধান্তের বিরোধিতা না করে তাদের রাজনৈতিক কার্যক্রম তখনই তুলে নিয়েছিল।